মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ হাজার টাকা ও একটি স্মার্টফোনসহ মোঃ শফিউল্লাহ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার ৬ নম্বর নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের রবিউল হোসেনের পেয়ারা বাগানে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই অপু কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল নেপা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের বিশেষ দায়িত্ব পালনকালে ওই পেয়ারা বাগানে অভিযান চালায়। এ সময় শফিউল্লাহকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা এবং একটি ভিভো ওয়াই-২০০ই ৫জি মডেলের স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় মহেশপুর থানার এসআই হিমানিষ বিশ্বাস বাদী হয়ে ৩০ অক্টোবর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৫২। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪০/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই হিমানিষ বিশ্বাস।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শফিউল্লাহর বিরুদ্ধে পূর্বেও মাদকসংক্রান্ত মামলা ও মোবাইল কোর্টে কারাদণ্ডের রেকর্ড রয়েছে। পলাতক দুইজনের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মাদক ও অন্যান্য অপরাধসংক্রান্ত মামলা বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমরান আলম জানান, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।