চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদে পড়ে আবদুল আলম (৩২) নামে এক যুবদল কর্মী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সওদাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আবদুল আলম কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাছনি বরবাড়ী এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাঙ্গু নদের পানি বর্তমানে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে গ্রামীণ সড়কসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এবং বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
আবদুল আলমের বড় ভাই নুরুল আলম বলেন, তাঁর ভাই ও চার বন্ধু নৌকায় করে সাঙ্গু নদে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সকাল আটটার দিকে তাঁর দুই বন্ধু এসে জানান, কাঠ সংগ্রহের সময় অসাবধানতাবশত আবদুল আলম নদীতে পড়ে নিখোঁজ হন। পরে নৌকায় থাকা অন্য তিনজন তাঁকে খুঁজেও কোনো সন্ধান পাননি।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘নিখোঁজের বিষয়টি আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’