রাজবাড়ীতে গরুবাহী ট্রাক থামিয়ে ১১টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৪টার দিকে জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা।
তাদের অস্ত্রের আঘাতে দুই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ব্যবসায়ীরা হলেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকার হেলাল গাজী ও মিনহাজ গাজী। এ সময় তাঁদের সঙ্গে আরও দুজন সহযোগী ছিলেন।
ভুক্তভোগীদের ভাষ্য, সোমবার ভোরে রাজবাড়ীর পাংশা উপজেলার মহাসড়কের পাশের একটি খাবার হোটেল থেকে গরুবাহী ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তাঁরা। ভোর পৌনে ৪টার দিকে পেছন থেকে আসা একটি ট্রাক শ্রীপুর এলাকায় তাঁদের ট্রাকের গতিরোধ করে। পরে ওই ট্রাক থেকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল নেমে দেশীয় অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে।
একপর্যায়ে ডাকাতরা গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় যায়।
সেখান থেকে ১১টি গরু নিজেদের ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যবসায়ী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, ট্রাক থেকে গরু নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক ও গরু উদ্ধারে অভিযান চলছে।