নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা দক্ষিণপাড়া গ্রামের স্থানীয় কৃষক আফসার শেখকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধ।
সর্বশেষ শুক্রবার (৬ নভেম্বর) বিকেলের দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৫) পলাতক রয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফসার শেখ লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামের মৃত হোসেন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত খায়রুল শেখ মাদকের টাকার জন্য প্রায়ই তার বাবাকে শারীরিকভাবে নির্যাতন করতো। বৃহস্পতিবার দুপুরে নেশার টাকার জন্য বাবাকে চাপ দেয়। এসময় তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে খায়রুল শেখ ঘরে ঢুকে ধারালো বটি দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সায়াদুল্লাহ হিমেল তাকে মৃত ঘোষণা করেন।