দেশের অন্যতম রাজস্ব প্রদানকারী শিল্পনগরী চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা আজ চরম অবহেলা ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। পৌরবাসীর সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানটির ধারাবাহিক অনিয়মে জনমনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।
সামান্য বৃষ্টি কিংবা ভারী বর্ষণে পৌর এলাকার অলিগলিতে সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় এবং বিকল্প ব্যবস্থা না থাকায় জনজীবন অচল হয়ে পড়ছে। এছাড়া পৌর এলাকায় পরিচ্ছন্নতা কর্মীর তীব্র সংকট এবং ময়লা ফেলার ডাস্টবিন নির্মাণেও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ভাঙাচোরা রাস্তাঘাট এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সাধারণ মানুষ আজ জিম্মি হয়ে পড়েছেন।
পৌরসভার এই লাগামহীন অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিকারে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।