মো: সৈকত হাসান, ফরিদপুর
ফরিদপুরের মধুখালী উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মধুখালী থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিম নাইম, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা পবিত্র কুমার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সি আখতারুজ্জামান, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ অন্যান্য কর্মকর্তারা।
সভায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা তদারকি, জাটকা নিধন রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।