জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক প্রবাসীর বাড়ির একটি কক্ষ থেকে রেজুয়ান হীরা (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রেজুয়ান হীরা ওই গ্রামের গোলাম মোস্তফা গণীর ছেলে। তিনি বিবাহিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে কোনো একসময় রেজুয়ান হীরা একই গ্রামের সৌদি আরবপ্রবাসী আপন মিয়ার বাড়ির একটি কক্ষে প্রবেশ করেন। পরে বাড়ির একজন সদস্য কক্ষটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়। পরে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় বাড়িতে প্রবাসীর বৃদ্ধা মা ছাড়া অন্য কেউ ছিলেন না বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ডোয়াইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, রেজুয়ান হীরা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে। তবে তিনি কীভাবে ওই বাড়িতে প্রবেশ করেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবু ঘটনার প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।