ঢাকা, মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ()

আম কুড়ানোর জন্য ডেকে নিয়ে মাদ্রাসা ছাত্রকে বালাৎকার

Oplus_131072

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে আম কুড়ানোর কথা বলে বাড়িতে নিয়ে যৌন নিগ্রহের (বলাৎকার) অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (১ জুন) উপজেলার বাগবাড়ি এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া যুবকের নাম মো. রাকিবুল ইসলাম (২৫)। সে উপজেলার বেজোড়া উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অন্যদিকে, ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (৩১ মে) সকাল ১০টার দিকে ওই শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে মাঠের কাজ শেষে বাড়ি ফিরছিল। পথে অভিযুক্ত রাকিবুল ইসলাম তাকে আম কুড়ানোর প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে ঘরের ভেতর নিয়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে বাড়ি ফিরে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে ঘটনার বিস্তারিত প্রকাশ করে।

এই জঘন্য ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির পর পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে বাগবাড়ি এলাকা থেকে অভিযুক্ত রাকিবুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর