জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার (১ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌর এলাকার মালির চর হাজীপাড়া বিল থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলের দিকে হাজীপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা বিলের পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে স্থানীয়রা বকশীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিল থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।