মেহেরপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে লক্ষাধিক টাকার মাদক দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৪ মে) রাতে এসব দ্রব্য উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ মে রাত ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল গ্রামের রংমহল মাঠে অভিযান পরিচালনা করে ভারতীয় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ১০ হাজার ৫’শ টাকা।
অপরদিকে, গাংনীর পশ্চিম ধর্মদহ গ্রামের মাঠে আরেকটি অভিযান পরিচালনা করে ভারতীয় ১৪ বোতল মদ, ২ হাজার ৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ছয় লাখ বাহাত্তর হাজার টাকা। তবে এ দুটি অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।