হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দুটি জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
আজ (২৩ এপ্রিল) সকালে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, ওই জাহাজ দুটি নৌচলাচল ব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছিল এবং কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমতি ছাড়াই ওই এলাকায় চলাচল করছিল। তেহরান থেকে সাংবাদিক আলমিগদাদ আলরুহাইদের পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে ইরান মূলত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিজেদের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রদর্শন করতে চাইছে। গত কয়েক দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের দুটি জাহাজ জব্দ করার পর তেহরান এর কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আইআরজিসি নৌবাহিনীর এই জোড়া জাহাজ জব্দের ঘটনাকে যুক্তরাষ্ট্রের সেই পদক্ষেপের একটি প্রতিশোধমূলক পাল্টা জবাব হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
এই ঘটনার মধ্য দিয়ে ইরান আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিপক্ষকে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বার্তাটি হলো, উপসাগরীয় অঞ্চলে যেকোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতির জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। একইসঙ্গে, হরমুজ প্রণালিতে যেকোনো উসকানিমূলক পদক্ষেপ বা উত্তেজনার সমুচিত ও পাল্টা জবাব দিতে আইআরজিসির নৌবাহিনী যে সদা প্রস্তুত, এই জাহাজ জব্দের ঘটনাই তার প্রমাণ।
সূত্র: আলজাজিরা