গাজীপুরের টঙ্গীতে চলমান মাদকবিরোধী অভিযানে গত দুই দিনে মোট ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ অভিযানে হাজী মাজার বস্তি থেকে ৮ জনকে আটক করা হয়।
শুক্রবার (১ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে একই এলাকা থেকে আরো ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় ‘মেরাথন অভিযান’ পরিচালনা করা হচ্ছে। গতকাল রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজার বস্তির অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে বস্তির চারপাশে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযানের সময় হেরোইন, গাঁজা এবং ছিনতাইয়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।