নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অশ্লীল ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের নারীসহ আট সদস্যকে আটক করেছে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকার একটি মাছের খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি স্মার্টফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারের অভিযোগে সাত পুরুষ ও এক নারীকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।
জব্দ করা মোবাইল ফোনের প্রাথমিক পর্যালোচনায় ২০২৩ সাল থেকে ধারণ করা শতাধিক অশ্লীল ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পূর্বধলা থানা পুলিশ।