ঢাকা, শনিবার, ২ মে, ২০২৬ ()

ঝিনাইদহে ৫ ভুয়া পুলিশ গ্রেফতার, ১৫০ পিস ইয়াবা উদ্ধার

Oplus_131072

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিশেষ অভিযানে পুলিশের সরঞ্জাম ও ওয়াকিটকিসহ ৫ ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজালের দিকনির্দেশনায় অপরাধ দমনে ডিবি পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে ৩০ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা উপজেলার পণ্ডিতপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অফিসার ইনচার্জ মোঃ ছাবিউর আলমের নেতৃত্বে এসআই মোঃ রাকিবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোলাপ মোল্যা (৪৫)-এর বাড়িতে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃতরা হলো— মোঃ রিয়াজ বিশ্বাস (২৭), মোঃ রুবেল হোসেন মোল্যা (৩২), মোঃ আশিক জোয়াদ্দার (২৪), মোছাঃ তাসমিম খাতুন (২১) ও মোছাঃ জান্নাতুল ফেরদৌস (২০)। তারা সবাই শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে পুলিশ পরিচয়পত্র সদৃশ পোশাক, “POLICE” লেখা রেইনকোট, এসআই র‌্যাংকের ব্যাজ, একাধিক নেভি ব্লু ইউনিফর্ম, পুলিশের মনোগ্রামযুক্ত বেল্ট ও ক্যাপ, BAOFENG ব্র্যান্ডের দুইটি ওয়াকিটকি সেট ও চার্জার উদ্ধার করা হয়। এছাড়াও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পুলিশের ছদ্মবেশে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় এবং মাদক ব্যবসা চালিয়ে আসার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় শৈলকুপা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জেলার অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


     এই বিভাগের আরো খবর