কুষ্টিয়ার কুমারখালীতে মদ্যপ অবস্থায় চাপাতি দিয়ে দুই সহোদরকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। দুইজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমারখালী গোহাট পট্টিতে পৌরসভার তেবাড়ীয়া গ্রামের মাছ বিক্রেতা মিলনের ছেলে অন্তর (২৬) মদ্যপ অবস্থায় সেরকান্দি গ্রামের সিরাজ মোল্লার ছেলে তাঁত শ্রমিক সিজান (২২) ও জিসানকে (২০) বাড়ি ফেরার পথে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় সিজান এগিয়ে আসলে অন্তর তাকে চড় মারে। তখন তারা দুই ভাই ও বাজারের লোকজন অন্তরকে তাড়া করলে পাশ্ববর্তী বাঁশের চাটাই তৈরীরত শ্রমিকের নিকট থেকে চাপাতি কেড়ে নিয়ে অন্তর সিজানকে কোপ দেয় এ সময় জিসান ঠেকাতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। পরবর্তীতে বাজারের লোকজন তাদেরকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সিজানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয় এবং জিসানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, কুমারখালীতে মাদক নির্মুলের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে আজকের এই ঘটনা আমার জানা নেই বা এখনো কোন অভিযোগ পাইনি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।