ঢাকা, শুক্রবার, ১৫ মে, ২০২৬ ()

মোদি ও শাহরুখের আলোচনায় ৫ কোটির গাড়ি

Oplus_131072

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের নতুন মেয়াদে যখন জ্বালানি সাশ্রয় ও কৃচ্ছ্রসাধনের কঠোর বার্তা দেওয়া হচ্ছে, ঠিক তখনই নিজের গ্যারেজে নতুন এক বিলাসবহুল গাড়ি যোগ করে দেশজুড়ে আলোচনার জন্ম দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। রাষ্ট্রীয়ভাবে সাশ্রয়ী অবস্থানের আবহে কিং খানের এই রাজকীয় শখ এখন টিনসেল টাউন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে পাওয়া তথ্যানুযায়ী, শাহরুখের সংগ্রহে এবার যুক্ত হয়েছে বিশ্বখ্যাত ‘ক্যাডিল্যাক এসক্যালেড’। যেহেতু ভারতে এই ব্র্যান্ডটির কোনো আনুষ্ঠানিক বিক্রয়কেন্দ্র নেই, তাই ধারণা করা হচ্ছে কিং খান বিশেষ ব্যবস্থায় ব্যক্তিগতভাবে এটি বিদেশ থেকে আমদানি করেছেন। শুল্ক ও আনুষঙ্গিক কর মিলিয়ে ভারতে এই এসইউভি-টির বাজারমূল্য প্রায় ৪ থেকে ৫ কোটি রুপির কাছাকাছি। প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী এই গাড়িতে রয়েছে ভিএইট পেট্রল ইঞ্জিন, যা ৪২০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। এ ছাড়া গাড়ির অন্দরে ৩৮ ইঞ্চির কার্ভড ওএলইডি ডিসপ্লে, ভেন্টিলেটেড ম্যাসাজ সিট এবং বিল্ট-ইন রেফ্রিজারেটরের মতো অত্যাধুনিক সব সুবিধা একে অনন্য করে তুলেছে। ভারতে এই মডেলের গাড়ি হাতেগোনা কয়েকজনের কাছে থাকলেও শাহরুখের সংগ্রহে এটি যুক্ত হওয়াতে এক বিশেষ মাত্রা যোগ হলো।

বর্তমানে শাহরুখ খান তার পরবর্তী বড় প্রজেক্ট ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মাঝেই নতুন এই গাড়ির খবরটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তবে এবারই প্রথম নয়, এর আগে ১০ কোটি রুপির ‘রোলস রয়েস কুলিনান ব্ল্যাক বেইজ’ কিনে চমকে দিয়েছিলেন তিনি। তার গ্যারেজে বর্তমানে বেন্টলি কন্টিনেন্টাল জিটি ও মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস গার্ডের মতো বিশ্বের দামি সব গাড়ি শোভা পাচ্ছে।

সরকারি সাশ্রয়ী নীতির মধ্যে বলিউড বাদশার এমন নতুন বিলাসিতা একদিকে যেমন ভক্তদের মধ্যে রোমাঞ্চ তৈরি করেছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও এটি ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।


     এই বিভাগের আরো খবর