ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আন্তঃজেলা মাদক চক্রের অন্যতম গডফাদার হিসেবে পরিচিত ১৬ মামলার আসামি কুখ্যাত মাদক কারবারি মনির হোসেন ও তার এক নারী সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির প্রায় দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় তাকে। জানা যায়, জেলা পুলিশের মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযানে মাদক কারবারের মূলহোতা হিসেবে পরিচিত মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী বাগানপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মনির হোসেনকে (৪৬) গ্রেফতার করা হয়। এ সময় তার এক নারী সহযোগীকেও আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক লাখ ৯১ হাজার ৪২০ টাকা জব্দ করা হয়। পুলিশ সূত্রে আরো জানা যায়, মনির হোসেনের বিরুদ্ধে ঝিনাইদহ, নাটোর, ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক, অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে মোট ১৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আন্তঃজেলা মাদক চক্র পরিচালনার সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। ঝিনাইদহ জেলা পুলিশের প্রধান এসপি বিল্লাল হোসেন জানান, মাদকের বিস্তার রোধে তাদের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মনিরের অন্যান্য সহযোগী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা চলমান রয়েছে