ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

ভাড়া নেওয়া ইজিবাইক আত্মসাতের অভিযোগে যুবক গ্রেফতার

Oplus_131072

শহরে ভাড়া নেওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইক আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শুভ কুমার দেবনাথ ওরফে শুভ কুমার দাস (২৭)। তিনি সুশান্ত দেবনাথ ওরফে সুশান্ত কুমার দাসের ছেলে। তার বাড়ি চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ায়। বর্তমানে তিনি দৌলতদিয়াড় (কোরিয়া পাড়া) এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, গত ১৫ জুন সকালে দৌলতদিয়াড় এলাকার নয়-শাপলা ইজিবাইক চার্জিং গ্যারেজের সামনে থেকে একদিনের জন্য ৫০০ টাকা ভাড়ায় একটি লাল রঙের ব্যাটারিচালিত ইজিবাইক নেন শুভ কুমার। দিন শেষে ভাড়া পরিশোধসহ ইজিবাইকটি ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা ফেরত দেননি। পরে মালিক মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করে বারবার কেটে দেন।
পরবর্তীতে ১৯ জুন রাতে পৌর ভবনের পেছনে শুভ কুমারকে দেখতে পেয়ে ইজিবাইকের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। অভিযোগ রয়েছে, তিনি অজ্ঞাতনামা সহযোগীদের সঙ্গে যোগসাজশে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ইজিবাইকটি আত্মসাৎ করে বিক্রি করেছেন।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৮১ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. আকরাম খান জানান, বিশেষ অভিযান পরিচালনার সময় গত ২০ জুন সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার পেছন এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে এবং আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা থাকায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর আবেদন করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় অভিযুক্ত থাকার তথ্য রয়েছে।


     এই বিভাগের আরো খবর