ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ()

পাগলা মসজিদে মানত করে শ্বশুরি শালা শালির বিচার চাইলেন আল্লাহর কাছে

Oplus_131072

চিরকুটে নিজের পরিচয় গোপন রেখে ওই ব্যক্তি লিখেছেন, পৃথিবীতে ন্যায়বিচার না পেয়ে তিনি শেষ আশ্রয় হিসেবে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে পাগলা মসজিদে দান করেছেন। তিনি লেখেন, আমি অত্যন্ত অসহায়। পৃথিবীতে বিচার না পেয়ে আপনার দরবারেই আমার বিচার দিলাম। আপনি ছাড়া আমার আর কেউ নেই।

চিরকুটে তাঁর অভিযোগ, শ্বশুরবাড়ির সদস্যদের কারণে তিনি দীর্ঘদিন ধরে আর্থিক, পারিবারিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর দাবি, শ্যালকের নির্যাতনের শিকার হয়েছে তাঁর মাত্র ২০ মাস বয়সী শিশুসন্তান। একই সঙ্গে স্ত্রীর মোবাইল ব্যাংকিং হিসাব থেকে ৩ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাৎ, প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার আত্মসাৎ এবং শ্যালককে ব্যবসা করে দিতে গিয়ে আরও কয়েক লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি।

আবেদনে তিনি উল্লেখ করেন, একদিন তাঁর স্ত্রী বাবার বাড়িতে অবস্থানকালে রান্নাঘরে নাস্তা তৈরি করতে গেলে ২০ মাস বয়সী শিশুসন্তানকে একা পেয়ে তাঁর শ্যালক শিশুটির গলা চেপে ধরে বিছানায় ছুড়ে ফেলেন। এতে শিশুটি গুরুতর আহত হয় বলে দাবি করেন তিনি। পরে শিশুটির গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে স্ত্রীর মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন।

চিরকুটে আরও বলা হয়, ওই মোবাইল ফোন ব্যবহার করে স্ত্রীর ছোট বোনের সহযোগিতায় মোবাইল ব্যাংকিং অ্যাপ অন্য একটি ফোনে চালু করা হয়। এরপর স্ত্রীর ব্যাংক হিসাব থেকে বিভিন্ন লেনদেনের মাধ্যমে ৩ লাখ ৫৬ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়। ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে বিষয়টি নিশ্চিত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় গত ১২ জুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বলে চিরকুটে উল্লেখ রয়েছে। তাঁর দাবি, পুলিশের উদ্যোগে একটি বৈঠকে ১৩ আগস্ট ২০২৬ এর মধ্যে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি ন্যায়বিচার পাননি। এ কারণেই আল্লাহর দরবারে বিচার প্রার্থনা করেছেন।

শুধু অর্থ নয়, স্বর্ণালংকার নিয়েও অভিযোগ তুলেছেন ওই ব্যক্তি। তিনি লিখেছেন, ২০২৫ সালের ঈদুল আজহার সময় নিরাপত্তার জন্য স্ত্রীর প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার শ্বশুরের কাছে রাখা হয়েছিল। পরে তা ফেরত চাইলে চুরি হয়ে গেছে বলে জানানো হয়। অথচ একই স্থানে রাখা অন্যদের স্বর্ণালংকার অক্ষত ছিল। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই স্বর্ণালংকার বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমান বাজারমূল্যে যার মূল্য প্রায় ৮ লাখ ৭৫ হাজার টাকা বলে দাবি করেন তিনি।

চিরকুটে আরোও উল্লেখ করা হয়, ২০২২ সালে শ্যালককে স্বাবলম্বী করতে তিনি নির্মাণসামগ্রীর একটি ব্যবসা করে দেন। দোকান নির্মাণ ও সম্প্রসারণ, নির্মাণসামগ্রী ক্রয় এবং মোটরসাইকেল কেনাসহ বিভিন্ন খাতে কয়েক লাখ টাকা ব্যয় করেন। কিন্তু পরে শ্যালক অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পুরো ব্যবসা নষ্ট করে দেন বলে অভিযোগ করেন তিনি। এরপর থেকে শ্বশুরবাড়ির সদস্যরা তাঁর সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন বলেও দাবি করেন।

সব মিলিয়ে ব্যাংক হিসাব থেকে নেওয়া অর্থ, স্বর্ণালংকার, ব্যবসায় বিনিয়োগ ও অন্যান্য ব্যয়সহ তাঁর আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা বলে চিরকুটে উল্লেখ করা হয়েছে।

চিরকুটের শেষাংশে নিজের জীবনের বেদনাদায়ক বাস্তবতার কথাও তুলে ধরেন তিনি। সেখানে লিখেছেন, ১৯৯৬ সালে তিনি বাবাকে এবং ২০২২ সালে মাকে হারিয়েছেন। বর্তমানে তাঁর কোনো অভিভাবক নেই। কষ্টার্জিত সম্পদ হারিয়ে তিনি নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন।


     এই বিভাগের আরো খবর