ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুই দিন পর সাম্মত আলী (৬৯) নামের এক কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিয়া কান্দা গ্রামে নিজ বাড়ির পেছনের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে গ্রামের একটি মসজিদে ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হন সাম্মত আলী। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে বাড়ির আঙিনার পেছনে ডোবার জঙ্গলের মধ্যে তার গলা কাটা মরদেহ দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে দিকে মরদেহ উদ্ধার করে।