দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ক্লিনিকটির বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়।
তদন্তে জানা যায়, এক রোগীর অস্ত্রোপচারের সময় প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি ছিল না। এছাড়া চিকিৎসা প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি পাওয়া, যা রোগীর জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে বলে জানান।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হবে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম তিনি জানান ক্লিনিক পরিচালনার জন্য প্রয়োজনীয় মানদণ্ড ও অবকাঠামোগত ঘাটতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ক্লিনিকটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করে আসছিলেন। সাম্প্রতিক অভিযানের পর তারা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।