দামুড়হুদা, চুয়াডাঙ্গা
টানা প্রবল বর্ষণের ফলে চুয়াডাঙ্গার দামুড়হুদার নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। নদ-নদীর পানি উপচে তীব্র গতিতে লোকালয়ে প্রবেশ করায় গ্রামের বসতবাড়িগুলো এখন চরম ভাঙনের মুখে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, পানির প্রচণ্ড চাপে নদীতীরবর্তী এলাকার মাটির বাঁধগুলো নুইয়ে পড়ছে, যার ফলে ঘরবাড়ি বিলীন হওয়ার আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। অনেকের বাড়ির আঙিনা পর্যন্ত পানি পৌঁছে গেছে। পানির তীব্র স্রোত যেভাবে মাটি সরিয়ে নিচ্ছে, তাতে বসতভিটা রক্ষা করা এখন কঠিন হয়ে পড়েছে। গ্রামের সাধারণ মানুষ অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কিত অবস্থায় দিনযাপন করছেন।
স্থানীয়রা বলছেন, দ্রুত কোনো প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে অচিরেই অনেকের ঘরবাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। মানবিক বিপর্যয় এড়াতে এবং ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্ধার ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।