চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ধুতুরহাট দাসপাড়া গ্রামের কাদু দাসের ছেলে মিন্টু কুমার দাস (৩০), মৃত কানাই চন্দ্র দাসের ছেলে অর্জুন দাস (৩০), একই গ্রামের শহীদুলের ছেলে শুভ (১৯) এবং জলিবিলা গ্রামের নুর ইসলামের ছেলে সাইদুর রহমানকে (২২) গাঁজাসহ আটক করে। আটকের পর মঙ্গলবার রাতে তাদের ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়। ভ্রাম্যমাণ আদালত মিন্টু কুমার দাসকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, অর্জুন দাসকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, শুভকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং সাইদুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।