কুষ্টিয়া সদর উপজেলায় পুনরায় চিমনি নির্মাণ করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে ‘মেসার্স ফাইভ স্টার ব্রিকস’ নামক একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার কীর্তিনগর, ইমানপুর এলাকায় চলতি ইটভাটা মৌসুমের ষষ্ঠ অভিযান হিসেবে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে এক্সকাভেটর (ভেকু) দিয়ে অবৈধ ওই ইটভাটাটির চিমনি ও কিলন সম্পূর্ণরূপে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভাটাটির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আলাউদ্দিন আকন্দ। অভিযানে প্রধান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ এমদাদুল হক। প্রসিকিউটর হিসেবে আরও উপস্থিত ছিলেন দপ্তরের সহকারী পরিচালক জনাব শোয়াইব মোহাম্মদ শোয়েব এবং পরিদর্শক জনাব নাসরিন সুলতানাসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অভিযান চলাকালে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া জেলা পুলিশ, র্যাব-১২ (সিপিসি-১) এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ রোধে জেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।