শাহরিয়ার শরিফ :- আলমডাঙ্গায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এসব ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এর মধ্যে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার এবং গাঁজাসহ একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গত ১৯ নভেম্বর রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমান সোহেলের (৪৭) বসতবাড়ির উত্তর-পশ্চিম কোণের একটি শয়নকক্ষ থেকে ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় হাবিবুর রহমান সোহেল, মো. ফয়সাল মাহমুদ সম্রাট (২৬) ও রেশমি খাতুনকে (২৩) গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলা নং-১৯, জিআর নং-২৮৯, তারিখ ২০ নভেম্বর ২০২৬।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মো. শাহরিয়ার হুসাইন রুবেল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগন্নাথপুর গ্রামের মসজিদপাড়ার জিকে ক্যানেলের সেতুর ওপর অভিযান চালিয়ে ওসামা বীন লাদেন (২২) নামে এক যুবককে ১ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় সামারি ট্রায়াল প্রসিকিউশন নং-১৬৫/২৬, তারিখ ২০ নভেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রসিকিউশন দায়ের করা হয়। পরে ২০ নভেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।