মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় ঠিকাদার জি কে শামীমের চার দেহরক্ষীর জামিন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। জামিন চেয়ে তাঁদের করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
ওই মামলায় গত ২০ ফেব্রুয়ারি নিম্ন আদালতে বিফল হয়ে আসামিরা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন, যা আজ শুনানির জন্য ওঠে। চারজন হলেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, শামসাদ হোসেন ও কামাল হোসেন।আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম সরদার। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন শুনানিতে ছিলেন। পরে সারওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ওই মামলায় চারজনকে কেন জামিন দেওয়া হবে না তা রুলে জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিকেতনে অভিযান চালিয়ে কথিত যুবলীগের নেতা শামীমসহ তাঁর সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধার করা হয় বিদেশি মদ, নগদ টাকাসহ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। গত বছরের ২১ সেপ্টেম্বর মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গুলশান থানায় শামীমসহ অন্যদের বিরুদ্ধে ওই মামলাটি করা হয়।
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় অনলাইন জুয়ার কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সেলিম প্রধানের সহযোগী বিদেশি নাগরিক ইয়াংসিক লির জামিন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। জামিন চেয়ে তার করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার হাইকোর্টের একই বেঞ্চ রুল দেন।
ওই মামলায় গত ১ ফেব্রুয়ারি নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন লি, যা আজ শুনানির জন্য ওঠে। আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শরীফ আহমদ। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন শুনানিতে ছিলেন।
পরে আইনজীবী শরীফ আহমদ প্রথম আলোকে বলেন, ওই মামলায় বিদেশি নাগরিক ইয়াংসিক লিকে কেন জামিন দেওয়া হবে না তা রুলে জানতে চাওয়া হয়েছে। দুদক ও রাষ্ট্রপক্ষকে চার সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
অনলাইন জুয়ার কারবারে জড়িত থাকায় সেলিম প্রধানকে গত বছরের ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার করে র্যাব। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সেদিন তাঁর ব্যাংককে যাওয়ার কথা ছিল। এরপর গত বছর ২ অক্টোবর তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে গুলশান থানায় মানি লন্ডারিং আইনে ওই মামলাটি হয়। এই মামলায় তাঁর সহযোগী ইয়াংসিক লিকেও আসামি করা হয়। গত ২২ জানুয়ারি লিকে গ্রেপ্তার করা হয়।