গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ছয় কেজি শুকনা গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাটাবাড়ি এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আরিফুল ইসলাম, বয়স ৪৪ বছর, এবং বিরুলিয়া এলাকার লোকমান হাকিমের ছেলে আমজাদ হোসেন, বয়স ৪৫ বছর।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই মমিনুল ইসলাম ও আহসান হাবিব সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে ১০টার দিকে বাগদা বাজারের ব্যাপারীপাড়া মার্কেট এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে আরিফুল ইসলামের কাছ থেকে দুইটি প্যাকেটে চার কেজি এবং আমজাদ হোসেনের কাছ থেকে একটি প্যাকেটে দুই কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির দুই হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।