প্রতি বছরের মতো এবারও কুষ্টিয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান।সভায় জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা জোরদার, আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।জেলা প্রশাসক আরও বলেন, জেলার পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎসহ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশকে অবহিত করতে হবে। জনগণের সহযোগিতা ও সচেতনতাই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।