শিকারপুর বাজারের বটতলা এলাকায় অভিযান, স্থানীয়দের সহায়তায় আটক
শার্শা প্রতিনিধি
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শিপন মোড়ল (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার শিকারপুর বাজারের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এসআই মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শিকারপুর বাজার বটতলা থেকে নারিকেলবাড়িয়াগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় আলা নামের এক ব্যক্তির চায়ের দোকানের সামনে থেকে শিপন মোড়লকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শিপন মোড়ল শার্শা উপজেলার শিকারপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, শার্শা উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।