রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
নিহত দুজন হলেন—নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার বাসিন্দা মুকুল বসুনিয়া (২৮) এবং শাকিব বসুনিয়া (২২)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা বা একই এলাকার বাসিন্দা।
বাসটিতে থাকা একই এলাকার প্রত্যক্ষদর্শী যাত্রী আতিক বসুনিয়া ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়ে বলেন, আমার কাছে নগদ টাকা ছিল। বাসের স্টাফরা অন্য সব যাত্রীকে নামিয়ে দিলেও আমাকে নামায়নি। একপর্যায়ে গাড়ির হেলপার ও সুপারভাইজার আমাকে জিম্মি করে এবং আমার গলায় গামছা প্যাঁচিয়ে ধরে। বিষয়টি দেখে মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত অবস্থা থেকেই তাদের দুজনকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে আমি চিৎকার শুরু করলে একটি মাইক্রোবাস ঘটনাটি দেখতে পেয়ে সামনে চিকলী এলাকায় গিয়ে বাসটির পথরোধ করে। এরপর স্থানীয় লোকজন ছুটে এসে বাসটি আটক করে। তা না হলে ওরা আমাকেও মেরে ফেলত।