২০২৫ সালের ৪ নভেম্বর। দুপুরে কাজ শেষ করে বাড়ি ফিরে মেয়েটাকে কোলে নিয়েছি মাত্র। এমন সময় উঠানে পুলিশ। আমাকে গ্রেপ্তার করতে এসেছে। বুঝতে পারি, সেই পুরোনো অস্ত্র মামলা। পুলিশকে আগের কাগজপত্র দেখাই। আশপাশের লোকজনও এগিয়ে এসে বলেন, আমি ওই মামলার আসামি নই।
কিন্তু কারও কথা শোনেনি পুলিশ। হাতকড়া পরিয়ে আমাকে ফাঁড়িতে নিয়ে যায়। দোহার থানাহাজতে এক রাত রেখে পাঠানো হয় কেন্দ্রীয় কারাগারে।
আমার ভেতরটা ভেঙেচুড়ে গেল। খেতে পারতাম না। শুয়ে থাকতাম আর ভাবতাম, কোনো অপরাধ করিনি, অন্যায় করিনি, তারপরও কেন মাসের পর মাস আমাকে কারাগারে থাকতে হচ্ছে! কান্নাকাটি করতাম। অন্য বন্দীরা আমাকে বোঝাতেন, সান্ত্বনা দিতেন। এ সময় সবচেয়ে বেশি মনে পড়ত আমার মেয়ের মুখ। তাকে খুব মিস করতাম।
কী হয়েছিল
২০০৪ সালে আমার বয়স ১০ কি ১২ বছর। একদিন মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছি, হঠাৎ পুলিশ পথ আটকে আমাকে আটক করে। খবর পেয়ে এলাকার লোকজন থানায় গিয়ে প্রতিবাদ করে। পরে আমাকে ছেড়ে দেওয়া হয়।
২০১৮ সালেও আমাকে আটক করা হয়। তখন বুঝতে পারি, নামের মিলের কারণে অন্য একজনের মামলায় আমাকে আসামি হিসেবে খোঁজা হচ্ছে। জানতে পারি, ২০০২ সালের ১০ এপ্রিল ঢাকার মিরপুর থানায় একটি অস্ত্র মামলা হয়। মামলার আসামি দক্ষিণ বাহ্রা গ্রামের খলিল আহমেদের ছেলে আলমাছ হোসেন। মামলায় তাঁর ১০ বছরের সাজা হয়। জামিনে বেরিয়ে তিনি বিদেশে চলে যান। কিন্তু তাঁর নাম ও বাবার নামের সঙ্গে মিল থাকায় বিপদে পড়ি আমি। আমার নাম মো. আলমাস, বাবার নাম শেখ খলিল। মামলার আসামির নাম আলমাছ হোসেন, বাবার নাম খলিল আহমেদ। দুজনের ঠিকানাও প্রায় এক।
নাম প্রায় একই হলেও আমরা দুজন যে আলাদা মানুষ, এটা প্রমাণের জন্য আমাদের ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদের কাছ থেকে সনদ নিই। কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব দোহারীও আমাকে সনদ দেন। সেসব সনদে উল্লেখ করা হয়, আমি ওই মামলার আসামি নই।
আমি কখনো ঢাকায় থাকিনি। মিরপুরও চিনি না। অথচ মামলার আসামি হিসেবে আমার নাম-ঠিকানা চলে এসেছে। আমার মায়ের নাম রাশনারা/রাসনারা বেগম। আর প্রকৃত আসামি আলমাছ হোসেনের মায়ের নাম সালমা আক্তার। এই তথ্যগুলো যাচাই করলেও হয়তো আমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। এত বছর ধরে এই হয়রানিও পোহাতে হতো না।
২০১৮ সালের পর ভেবেছিলাম, এবার হয়তো এই ঝামেলা থেকে মুক্তি পাব। চেয়ারম্যানদের সনদ নিয়েছি, নিজের পরিচয়ও জানিয়েছি। এরপর আর পুলিশ বাড়িতে আসেনি। আমাকেও আদালতে হাজিরা দিতে হয়নি। তাই ধীরে ধীরে স্বাভাবিক জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। কার্তিকপুর বাজারের এক ইলেকট্রিশিয়ানের দোকানে কাজ শিখি। ধীরে ধীরে ইলেকট্রিকের কাজ করে সংসার চালাতে শুরু করি।
কারাগার থেকে ফিরেছি ঠিকই, কিন্তু আগের মতো কাজে মন বসাতে পারি না। শরীর ও মন কোনোটাই আগের মতো নেই। বারবার মনে পড়ে বিনা অপরাধে কারাগারে কাটানো দিনগুলোর কথা। মনে হয়, ১২ মাসে আমার জীবন থেকে ১২ বছরের বেশি সময় কেড়ে নেওয়া হয়েছে। বন্দী থাকা অবস্থায় সৌদি ভিসাও বাতিল হয়ে যায়। টাকাগুলোও ঋণের বোঝা হয়ে থাকে। আমার জীবনের যে ক্ষতি হয়েছে, সরকার তার সঠিক বিচার করুক। যে অপরাধ আমি করিনি, তার জন্য কেন আমাকে এত বছর ধরে হয়রান হতে হলো? কেন এক বছর কারাগারে কাটাতে হলো? কেন ঋণের বোঝা নিয়ে নতুন করে জীবন শুরু করতে হবে?
২২ বছরে হারানো সময়, ভেঙে যাওয়া স্বপ্ন আর পরিবারের কষ্ট তো আর ফিরে পাব না। এখন শুধু চাই, আমার জীবনের এই ক্ষতির বিচার হোক।