মংচিন থান,বরগুনা প্রতিনিধিঃ
অতিরিক্ত পুলিশ সুপারের নাম ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে বরগুনায় মোস্তাফিজুর রহমান বাদল নামের এক ব্যক্তিকে বরগুনায় আটক করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে বরগুনা শহরের কাঠপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোস্তাফিজুর রহমান বাদলের বাড়ি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চরকগাছিয়া এলাকায়। তিনি ওই এলাকার মজিদ দফাদারের ছেলে। কাঠপট্টি এলাকায় তার ওষুধ ফার্মেসি রয়েছে।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদের সাথে বাদলের চেহারার কিছুটা মিল আছে। এ সুযোগ নিয়ে আবু সাইদ নাম ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে আটক ব্যক্তি একটি ফেসবুক আইডি ব্যবহার করে আসছেন। সম্প্রতি বিষয়টি পুলিশ সুপার আবু সাইদের নজরে আসে। তিনি তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বাদল এ কাজটি করে আসছে নিশ্চিত হয়ে বরগুনা পুলিশকে বিষয়টি জানান। শনিবার রাত আটটার দিকে অভিযান চালিয়ে নিজের ওষুধের দোকান থেকে তাকে আটক করা হয়।
বরগুনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম অরুণ জানান, প্রতারক বাদল অ্যাডিশনাল এসপি পরিচয়ে অন্তত ২৭ জন নারীর সাথে ফেসবুকে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে এবং ম্যাসেঞ্জারে আপত্তিকর ছবি ভিডিও আদান প্রদান করে। তাকে আজকের রোববার আদালতে সোপর্দ করা হবে।
যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ মুঠোফোনে বলেন, সম্প্রতি বিষয়টি আমার নজরে আসলে তথ্য প্রযুক্তির সহায়তায় আমি ওই ব্যক্তি ও অবস্থান নিশ্চিত হই। বিষয়টি আমি বরগুনা পুলিশকে অবহিত করে তাদের সহায়তা চেয়েছিলাম। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় বিধিমোতাবেক মামলা দায়ের করা হবে।###