ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার বড়বামনদহ গ্রামে একের পর এক মাদক কারবারি ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত মাদক কারবারিদের এমন তৎপরতায় এলাকাটি যেন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে—এমনটাই অভিযোগ স্থানীয়দের।
এরই ধারাবাহিকতায় সোমবার (৩ আগস্ট) দুপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. মামুন ও তার স্ত্রীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সচেতন এলাকাবাসী।
আটককৃত মো. মামুন বড়বামনদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তল্লাশিকালে মামুনের পকেট থেকে ৭৩ পিস এবং তাঁর স্ত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে ৪০ পিস—সর্বমোট ১১৩ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মামুন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা বিক্রি করে আসছিলেন।
সোমবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে তাদের ঘেরাও করে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ১১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী তাদের আটক রেখে কোটচাঁদপুর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ইয়াবাসহ অভিযুক্ত দম্পতিকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, আটককৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে পুলিশ আরো জানায়, এলাকায় মাদক নির্মূলে অভিযান জোরদার করা হবে এবং এই ঘটনার সঙ্গে অন্য কারোা কোনো সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।