জাতীয় সংসদে অবস্থান করার সময়ও মোবাইল ফোনে হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সাংবাদিকদের কাছে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। মাহমুদা মিতু জানান, গত ৮ থেকে ১০ দিন ধরে বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে এসব হুমকি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
তিনি অভিযোগ করেন, দেশে ককটেল হামলা ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার পর থেকেই তার প্রতি হুমকির ঘটনা বাড়তে থাকে। প্রথমদিকে বিষয়গুলো গুরুত্ব না দিলেও গত দুই দিন ধরে সংসদের সন্ধ্যার বিরতির সময় একটি সংঘবদ্ধ চক্র অশালীন ভাষায় তাকে হত্যার পাশাপাশি ধর্ষণের হুমকি দিচ্ছে।
এ ঘটনাকে কেবল ব্যক্তিগত নিরাপত্তার বিষয় হিসেবে দেখছেন না এই সংসদ সদস্য। তার মতে, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এর ফলে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।মাহমুদা মিতুর দাবি, হুমকির পেছনে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি কূটনৈতিক বিষয়ও জড়িত। ভারত থেকে উসকানি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এ সংক্রান্ত কিছু নথি ও ফোনকলের স্ক্রিনশট নিজের কাছে রয়েছে বলেও জানান। মানচিত্রদেখুন
এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানান তিনি। তার বক্তব্য, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অরাজকতা তৈরির চেষ্টা হলে এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক জবাব চাওয়া প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু করার দাবিও জানান তিনি।
নিজের জন্মস্থান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি ঘোষণার বিষয়টি উল্লেখ করে মাহমুদা মিতু বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের কার্যক্রম সম্ভব নয় বলে জানানো হয়েছিল। কিন্তু নির্বাচিত সরকারের আমলে এমন ঘটনা ঘটায় তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
একজন সংসদ সদস্যকে নিজের নিরাপত্তার জন্য থানায় গিয়ে জিডি করতে হচ্ছে—এটিকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীদের বিভিন্ন ধরনের হুমকি ও হয়রানির বিষয়েও উদ্বেগ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে এই সংসদ সদস্য বলেন, তার কাছে থাকা নথি ও তথ্যের ভিত্তিতে ভারত সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হবে কি না, সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। কূটনৈতিকভাবে বিষয়টি মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হবে, সেটিও জানতে চান তি