মেহেরপুর প্রতিনিধি।
মেহেরপুর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের অফিস জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়নের বর্তমান সহ-সভাপতি মোঃ শাহিদুল আলম শাহিন বাদী হয়ে মেহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, গত ০৫ নভেম্বর ২০২৩ তারিখে ভোটের মাধ্যমে গঠিত কমিটির মেয়াদ ০৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত বহাল রয়েছে। এর মধ্যেই সাবেক সভাপতি শহিদসহ একদল ব্যক্তি ইউনিয়নের কার্যক্রম জোর করে দখলের চেষ্টা চালাচ্ছিলেন। আজ বিকেল অভিযুক্তরা বেআইনি জনতাবদ্ধ হয়ে ইউনিয়ন অফিসে প্রবেশ করে বর্তমান কমিটির নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং হুমকি-ধামকি প্রদান করে। পরে তাদের অফিস থেকে বের করে দিয়ে নিজেদের তালা লাগিয়ে অফিস দখল করে নেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা আরও হুমকি দিয়েছেন যে, কেউ অফিসে গেলে তাকে ক্ষতি করা হবে।
অভিযুক্তরা হলেন- ১. শহিদ (পিতা- মোহাম্মদ), ২. আহাসান, ৩. খলিল, ৪. মোঃ মিলন (পিতা- আজিজুল), ৫. সাইফুল (পিতা- কাবির), ৬. ফুরকান (পিতা- মুসাদ), ৭. বজলু সহ তাহের ক্লিনিকপাড়া এলাকার আরও ১৫/২০ জন অজ্ঞাত ব্যক্তি। সবাই মেহেরপুর পৌরসভার ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে- আব্দুর রাজ্জাক (বেড়পাড়া), টোকোন (নতুনগ্রাম) ও ইসরাফিল (নতুনপাড়া)।
বাদী শাহিদুল আলম শাহিন জানান, তিনি ও তাঁর কমিটির সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মেহেরপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন।