রাজধানীতে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটলেও বিষয়টি আজ জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন মারুফ ইসলাম (২০), বিল্লাল মিয়া (১৯) ও রাকিব (১৮)।
তিনজনই পেশায় রিকশাচালক বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান জানান, মারুফ ও বিল্লাল ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রিকশায় করে ভুক্তভোগী কিশোরীকে দক্ষিণখানের সোনারখোলা এলাকার পিংক সিটি এলাকায় নিয়ে যান। সেখানে যাওয়ার পর তারা ফোন করে রাকিব নামের আরো একজনকে ডেকে আনেন। বিষয়টি দেখে একজন পথচারীর কাছে সন্দেহজনক মনে হলে তিনি ঘটনা অবলোকন করতে থাকেন। পরে তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানালে পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী হওয়ায় এখনো তার পরিবারের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ ছাড়া কিশোরীর পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।