চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চোলাইমদ, ইয়াবা ও গাঁজাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২০ লিটার চোলাইমদ, ২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা চোলাইমদের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জীবননগর বাজারে কাজলের আমের আড়তের সামনে থেকে কিরণ মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে ২০ লিটার চোলাইমদসহ আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক এস এম শাহিন পারভেজ বাদী হয়ে জীবননগর থানায় নিয়মিত মামলা করেন।
এ ছাড়া চুয়াডাঙ্গা সদর ও জীবননগর এলাকায় অভিযানে আটক অন্যদের মধ্যে ইবাদুল্লাহ শেখ সাকিব (২৬) ও নয়ন (৩৫)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাক্রমে এক ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, মাদক সেবনের দায়ে মুরাদ হোসেন, বাবলুর রহমান, ওয়াসিম আলী, হেরাজ উদ্দিন, ছমির খাঁ ও আহসান হাবিবকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।