নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (২৬ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা মডেল থানাধীন যশাই ইউনিয়নের বাশগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে মো. ফজলুল হক ওরফে ফজল (পিতাঃ মৃত আজিজ মুন্সি) এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের ড্রেসিং টেবিলের উপরের ড্রয়ার থেকে ৮০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফজলুল হক রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বাশগ্রাম গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ওয়াহিদুল হাসান বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।