
গত ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় হতে রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটি ও স্বাধীনতাবিরোধী ১০৭৮৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় হতে নতুন কোনো তালিকা প্রণয়ন করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তালিকা হতে যেভাবে পাওয়া গেছে, সেভাবেই প্রকাশ করা হয়েছে।
আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অভিযোগ পাওয়া গেছে এ তালিকায় বেশ কিছু নাম এসেছে, যারা রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটি বা স্বাধীনতাবিরোধী নন, বরং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বা মুক্তিযোদ্ধা। এ ধরনের কোনো ব্যক্তির নাম তালিকায় কিভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশিত তালিকায় ভুলভাবে যদি কারো নাম এসে থাকে, আবেদনের প্রেক্ষিতে যাচাই-অন্তে তাঁর/তাঁদের নাম এ তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই অনিচ্ছকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।