
ডায়-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের মূল্য প্রতি কেজিকে ৯ টাকা করে কমানো হচ্ছে। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আজ বুধবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, কৃষক পর্যায়ে ডিএপি সারের সর্বোচ্চ খুচরা মূল্য হবে প্রতি কেজি ১৬ টাকা। আগে যা ছিল ২৫ টাকা। আর ডিলার পর্যায়ে প্রতি ২৩ টাকা থেকে কমিয়ে ১৪ টাকা করা হবে।
কৃষিমন্ত্রী বলেন, ইউরিয়া সারের ব্যবহার হ্রাস ও ডিএপি সারের ব্যবহার বাড়ায় কৃষকদের উৎপাদন খরচ লাঘবের উদেশ্যে একটি প্রস্তাব প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপন করা হলে সারের দাম কমানোর প্রস্তাবে অনুমোদন দেন।
নতুন এ মূল্য চলতি ডিসেম্বর মাসেই কার্যকর হবে বলে জানান কৃষিমন্ত্রী।