নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা থানার মোহাম্মদপুর গ্রামে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে মাসব্যাপী আয়োজন করা হয়েছে অর্গানিক খাদ্য ও পণ্য প্রদর্শনী এবং ক্ষুদ্র শিল্প বাণিজ্য মেলা ২০২৩ । কিন্তু পরিচ্ছন্ন বিনোদনের সেই মেলাকে কলুশিত করতে শুরু হয়েছে “র্যাফেল ড্র” এর নামের লটারি প্রতিযোগিতার।
ঝিনাইদহ থেকে মেলার অনুমোদন দেওয়া হলেও “র্যাফেল ড্র” এর লটারি টিকিট বিক্রি হচ্ছে কুষ্টিয়ার ইবি থানাধীন বিভিন্ন হাটবাজার ও গ্রামাঞ্চলে। নিম্নবিত্তদের কাছে ১০ টাকা মুল্যের লটারিতে লক্ষ টাকার পুরস্কার এর ফাঁদে ফেলে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
স্থানীয়রা জানান, প্রতিরাতেই মেলার মূল মঞ্চে চলে র্যাফেল ড্র। সরাসরি দেখানো হয় স্থানীয় কেবল চ্যানেলেও। ১০ টাকায় মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, স্বর্ণালংকারসহ নানা লোভনীয় পণ্যের প্রচারণায় চলে টিকিট বিক্রি। ১০ টাকায় দামি পণ্য লাভের আশায় দরিদ্র মানুষ অবাধে কিনছে টিকিট। ইবি থানাধীন জনসাধারণ এই “র্যাফেল ড্র”এর নামে নিয়মিত প্রতারিত হলেও প্রশাসনের তেমন কোন হস্তক্ষেপ চোখে পরেনি এখনও। যত দিন যাচ্ছে, ততই টিকিট বিক্রি বাড়ছে। ক্রেতাদের বড় অংশই হতদরিদ্র, ভ্যানচালক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী।