আমন মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় সার সংকটের অভিযোগের মধ্যেই বেতন গ্রেড কমানো ও পদোন্নতিতে নতুন শর্ত আরোপের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার চৌড়হাসস্থ বিএডিসি সার দপ্তরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।কর্মবিরতি দীর্ঘ হলে সার সরবরাহ ও গুদাম ব্যবস্থাপনায় এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়ায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএডিসির যুগ্ম পরিচালক (সার) মো. ওসমান গনি, উপপরিচালক (বীজ বিপণন) মো. আশরাফুল আলমসহ কুষ্টিয়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বিএডিসির যুগ্ম পরিচালক (সার) মো. ওসমান গনি বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকেই কৃষি উপকরণ তথা সেচ, সার ও বীজ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।বিএডিসি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা আলাদা প্রবিধানমালা ও আইন দ্বারা পরিচালিত এবং ১৯৬১ সাল হতেই বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত বেতন স্কেলে বেতন পেয়ে আসছিল; কিন্তু গত ৩১-৮-২০২৬ তারিখে এক পরিপত্রের মাধ্যমে বিএডিসির সব কর্মকর্তা-কর্মচারীর বেতন স্কেল বর্তমান ধাপের চেয়ে এক ধাপ নিচে নামিয়ে দেয়। এতে বিএডিসির সব কর্মকর্তা-কর্মচারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন।