ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দল

বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত নির্বাচন পর্যবেক্ষণ দলের সদস্যরা। বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানসহ তিনজন উপস্থিত ছিলেন।

রবিবার বিকেল চারটার দিকে রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পর্যবেক্ষক দলের সদস্যদের মধ্যে পাঁচজন বৈঠকে উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই বৈঠক চলে।

বৈঠকে হওয়া আলোচনার বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার মঈন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি কল ধরেননি।

বাংলাদেশে প্রাক নির্বাচনী অবস্থা মূল্যায়ন করতে কয়েক মাস ধরে ঢাকায় অবস্থান করছেন ন্যাশনাল ডেমেক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সদস্যরা। গত শুক্রবার তারা জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান, সদস্য-কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন। সে সময় তারা নির্বাচন ঘিরে সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এর আগে গত অক্টোবর থেকে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য নিরসনে সংলাপের আহ্বান জানায় সংস্থা দুটি।


     এই বিভাগের আরো খবর