প্রায় ২২ বছর বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকার পর সুলতান হাওলাদার (৬৪) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুলতান হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা।
একই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার বাবা আবদুর রব হাওলাদারও প্রায় দুই বছর আগে কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে একই মামলায় সাজাপ্রাপ্ত বাবা ও ছেলেরই কারাবন্দি অবস্থায় মৃত্যু হলো।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি হত্যা মামলায় ২০০৪ সালে আদালত সুলতান হাওলাদারকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।