ঢাকা, শনিবার, ৭ মার্চ, ২০২৬ ()

বগুড়ার ধুনট উপজেলায় নাতির লাঠির আঘাতে দাদা নিহত

বগুড়ার ধুনট উপজেলায় নাতির লাঠির আঘাতে সঞ্জব আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামবাসী নাতি সুলতান মাহমুদকে (৩৫) আটক করে থানায় সোপর্দ করেন।

নিহত সঞ্জব আলী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে।

শুক্রবার (৬ মার্চ) সকালে নিহতের ছেলে আব্দুল মোমিন বাদী হয়ে সুলতান মাহমুদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। এদিন দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।সুলতান মাহমুদ গোবিন্দপুর গ্রামের হোসেন আলীর ছেলে। সে নিহত সঞ্জব আলীর প্রতিবেশী নাতি।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। পরিবার তাকে অনেক চিকিৎসা করেও সুস্থ করতে পারেনি। মাঝে মধ্যে পাগলামির মাত্রা বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে শিকলবন্দি করে রাখে। আবার অনেক সময় স্বাভাবিক আচরণ করে সুলতান। বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ করেই সুলতান মাহমুদের পাগলামি বেড়ে যায়। এ সময় সঞ্জব আলী বাড়ি থেকে কৃষি কাজের উদ্যেশ্যে ফসলি মাঠের দিকে রওনা হন। পথিমধ্যে সুলতানের বাড়ির নিকট রাস্তায় পৌঁছে। তখন সুলতান মাহমুদ উত্তেজিত হয়ে লাঠি দিয়ে সঞ্জব আলীর মাথায় আঘাত করেন। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় ওই বৃদ্ধ মারা গেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আসামি সুলতান মাহমুদকে কারগারে পাঠানো হয়েছে। তার পরিবারের দাবি সে মানসিকভাবে দীর্ঘদিন ভারসাম্যহীন হয়ে পড়েছে। তবে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর