মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন শ্যামপুর গ্রাম থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম মল্লিক শ্যামপুর গ্রামের মৃত তনু মল্লিকের ছেলে এবং দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আরিফুল ইসলাম মল্লিককে গ্রেফতার করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফুল ইসলাম মল্লিক নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।
পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে গ্রেফতারকৃত আরিফুল ইসলাম মল্লিককে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।