আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা জেলার দর্শনা ডি এস ফাজিল মাদ্রাসায় জালিয়াতি ও অনিয়মের বন্যা বয়ে যাচ্ছে। কাগজ-কলমের তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল না পেয়ে সরজমিন আকস্মিক পরিদর্শন করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন।
পরিদর্শনে থলের বিড়াল বেরিয়ে এসেছে! খাতা-কলমে শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি দেখানো হলেও বাস্তবে শ্রেণিকক্ষগুলো ছিল সম্পূর্ণ ফাঁকা। শুধু তাই নয়, পরিচালনা কমিটি নিয়ে সাজানো নাটক, নোংরা পরিবেশ এবং ধসে পড়া শিক্ষার মান (৯০% পাসের হার কমে ৩৭%) দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন ইউএনও।
পরিদর্শনকালে ইউএনও লাভলী ইয়াসমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাদ্রাসা প্রাঙ্গণ ও ক্লাসরুমের ভেতরে ন্যূনতম পরিষ্কার-পরিচ্ছন্নতা নেই, চরম নোংরা পরিবেশ বিরাজ করছে।”
উপস্থিত দায়িত্বরতরা অনিয়মের প্রশ্নের জবাবে গড়িমসি করলেও নথিপত্র ও কথোপকথনে জালিয়াতি স্পষ্ট হয়ে উঠেছে। ইউএনও মহোদয় হুঁশিয়ারি দিয়ে জানান, ভুয়া উপস্থিতি, নোংরা পরিবেশ ও বিতর্কিত কমিটির বিরুদ্ধে দ্রুতই নজিরবিহীন প্রশাসনিক ও আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুত্রে :BBC crime news