ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলার ১০ আসামির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অনুসন্ধান করবে ডিবি পুলিশ। সোমবার (৩ জুন) ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ সোমবার এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান এ বিষয়ে আদালতে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
মামলার মূল রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তার-পলাতক আসামিদের এনআইডি ও পাসপোর্ট নম্বরের বিপরীতে কোন ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট আছে, তার তথ্য সরবরাহের জন্য হেড অব বাংলাদেশ, এফআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) বরাবর আদেশ প্রদান করতে আদালতে আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।
আসামিরা হলেন শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান, তানভীর ভূইয়া, আক্তারুজ্জামান শাহীন, মো. সিয়াম হোসেন, মোস্তাফিজুর রহমান, ফয়সাল আলা সাজী, চেলসি চেরী, তাজ মোহাম্মদ খান ও মো. জামাল হোসেন। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক।