প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার কুষ্টিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, সহকারী প্রকৌশলী (পূর্ত) এস এম রুহুল আমিন, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জামিউল ইসলাম এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মো. সাজ্জাদ আহমেদসহ পৌরসভার কর্মচারীরা।
ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচি গত ১২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। কর্মসূচির আওতায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে। জমে থাকা পানি অপসারণ এবং সম্ভাব্য মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।