ইরানের দক্ষিণাঞ্চলে একটি রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে আজ সোমবার জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল।
বার্তা সংস্থা এএফপির বরাতে রাষ্ট্রীয় মালিকানাধীন ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’ জানিয়েছে, ‘আমেরিকান-জায়োনিস্ট সন্ত্রাসী বাহিনী ‘পার্সিয়ান গালফ রেডিও অ্যান্ড টেলিভিশন সেন্টার’–এর ১০০ কিলোওয়াটের একটি এএম ট্রান্সমিটারে হামলা চালিয়েছে।’প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এ হামলায় ওই কেন্দ্রের একজন নিরাপত্তা কর্মী নিহত এবং আরেকজন আহত হয়েছেন।ইরান যুদ্ধের কারণে ব্রিটিশ অর্থনীতির ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব মোকাবিলায় আজ সোমবার এক জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বৈঠকে চ্যান্সেলর অব দ্য এক্সচেকার (অর্থমন্ত্রী) র্যাচেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি উপস্থিত থাকবেন।
ইরান হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেওয়ার অজুহাতে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো ‘তছনছ’ করার হুমকি কার্যকর করেন, তবে তারা পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থায় আঘাত হানবে। এই উত্তেজনা শুরুর পর আর্থিক বাজারগুলো আরও একটি অস্থির সপ্তাহের মুখোমুখি হয়েছে।